আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরণের অবকাশ মিলছে। এ দুই মাসে দিবসভিত্তিক সরকারি ছুটি ছাড়াও সাপ্তাহিক ছুটির দিনগুলো মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ২৩ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত বাৎসরিক ছুটির পঞ্জিকা ও ক্যালেন্ডার বিশ্লেষণ করে এ ছুটির হিসাব পাওয়া গেছে।

প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) এবং ৩ দিন নানা দিবসভিত্তিক সরকারি ছুটি। ঘোষিত ৩ দিনের সাধারণ ছুটিগুলো হলো—৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস', ১২ আগস্ট 'আখেরি চাহার সোম্বা' এবং ২৬ আগস্ট 'পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)'। সব বন্ধ বাদ দিয়ে আগস্ট মাসে নিয়মিত পাঠদান বা শ্রেণি কার্যক্রম চলবে মোট ১৯ দিন।

অন্যদিকে, পরবর্তী মাস সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য দিবস মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। আগস্টের মতো সেপ্টেম্বর মাসেও নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ দিন।

শিক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত বা নির্ধারিত ছুটির বাইরেও বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় ও জাতীয় চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনে বাড়তি বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

মন্তব্য করুন