ফার্মগেটে হঠাৎ মাইক্রোবাসে আগুন

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
ফার্মগেটে হঠাৎ মাইক্রোবাসে আগুন

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে ২০২৬) সকালে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়লে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির (শর্ট সার্কিট) কারণে ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাইক্রোবাসটি মারাত্মকভাবে পুড়ে গেলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সাথে সাথেই চালক ও আরোহীরা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ করছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন