ককরোচ পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কংগ্রেসের পদযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
ককরোচ পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে কংগ্রেসের পদযাত্রা
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে কংগ্রেসের শীর্ষ নেতাদের পদযাত্রা।

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি তাণ্ডবের জবাবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাথে একাত্মতা প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে ঐতিহাসিক পদযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করেছে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস।

আজ মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার সরাসরি নেতৃত্বে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই মেগা কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আজ সকাল থেকেই কংগ্রেস ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা প্রথমে দিল্লির ১০ রাজাজি মার্গে অবস্থিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের সরকারি বাসভবনে এসে জড়ো হতে থাকেন। পরবর্তীতে সেখান থেকে প্রবীণ ও তরুণ বিরোধী নেতাদের নেতৃত্বে তারা লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে মূল রাজপথ ধরে পদযাত্রা শুরু করেন। উল্লিখিত দুটি স্থানের ভৌগোলিক দূরত্ব এক কিলোমিটারের কিছু বেশি।

কংগ্রেসের শীর্ষ নেতারা যৌথভাবে জানান, সম্প্রতি দেশজুড়ে জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সাথে ছিনিমিনি খেলার ঘটনায় দায়ি কেন্দ্রীয় বিজেপি সরকারের ওপর চরম রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই এই ঝটিকা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অভিযান চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক কড়া বার্তায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, "গতকাল আন্দোলনরত নিরীহ তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও তাদের পেটোয়া বাহিনী যে নৃশংসতা ও বর্বরোচিত হামলা চালিয়েছে, তার সঠিক জবাব চাইতে আজ আমরা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে পদযাত্রা করেছি।"

নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করে রাহুল আরও বলেন, "বর্তমান সরকার এত বড় একটা কেলেঙ্কারির পরও কোনো ধরণের দায় নিতে চায় না। এমনকি ভারতের সার্বভৌম সংসদে দাঁড়িয়ে এই স্পর্শকাতর বিষয়ে কোনো সুস্থ আলোচনা করতেও চায় না। ভারতের কোটি কোটি তরুণ ও শিক্ষার্থীর ভবিষ্যৎ সুপরিকল্পিতভাবে ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবশ্যই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।"

এর আগে গতকাল সোমবার দিল্লির রাজপথে 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) নেতৃত্বে সংসদ ভবন অভিমুখে পরিচালিত বিশাল পদযাত্রাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী নির্মমভাবে লাঠিচার্জ ও মুহুর্মুহু টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের হাতাহাতি ও দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে।

উক্ত সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭৮ জন আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ নাগরিক গুরুতর আহত হন। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মোট ৭০ জন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। সেই ঘটনার পরপরই দেশটির রাজনীতিতে নতুন মোড় হিসেবে ককরোচ পার্টির সাথে সরাসরি মাঠে নেমেছে কংগ্রেস।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন