আইন না মেনে আড়াই লাখ গাছ কাটল গুগল

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
আইন না মেনে আড়াই লাখ গাছ কাটল গুগল

অনলাইন ডেস্ক: ফিনল্যান্ডের উত্তরে মুহোস শহরের কাছে একটি সুরক্ষিত তারের বেড়ার ওপারে কিছুদিন আগেও ৩৩০ হেক্টরের ঘন ও চিরসবুজ এক বনভূমি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। কিন্তু মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের একটি ডাটা সেন্টার প্রকল্পের আগমনে সেই প্রাকৃতিক অভয়ারণ্য এখন কাদার বিস্তীর্ণ প্রান্তরে পরিণত হয়েছে। প্রয়োজনীয় পরিবেশগত অনুমতি না নিয়েই বেআইনিভাবে আনুমানিক আড়াই লাখ গাছ কেটে পুরো এলাকা সমতল করেছে প্রতিষ্ঠানটি।

গাছ কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতির চাকার দাগ, মাটি ও শিকড়ের স্তূপে পরিণত হওয়া সেই স্থান থেকে বিষাক্ত নোংরা বাদামী পানি ছড়িয়ে পড়ছে পাশের ছড়ায়, যা মিশছে ঐতিহাসিক ওউলুজোকি নদীতে। এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ প্রকাশ্যে আসার পর ফিনল্যান্ডের লাইসেন্সিং অ্যান্ড সুপারভিশন অথরিটি (এলভিবি) এক জরুরি নির্দেশে গুগলের মুহোস এবং ওতানম্যাকি গ্রামের দুটি প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হিসাব মতে, ওতানম্যাকিতেও অতিরিক্ত দেড় লাখ গাছ কেটেছে প্রতিষ্ঠানটি। বিরল প্রজাতির কাঠঠোকরাসহ বন্যপ্রাণীরা লোকালয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

ঘটনার তীব্রতায় গুগলের ফিনল্যান্ড কান্ট্রি ম্যানেজার আন্তি জারভিনেন দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তবে এই প্রকল্পগুলো গুগলের ১৩ বিলিয়ন ইউরোর বিশাল এআই অবকাঠামো পরিকল্পনার অংশ হওয়ায় ফিনল্যান্ডের অর্পো সরকার শুরুতে এতে সমর্থন জানিয়েছিল। রাজস্ব বাজেট কাটছাঁটের মধ্যে অর্থনৈতিক সুবিধা ও প্রত্যক্ষ বিনিয়োগের আশায় তারা চোখ বুজে থাকলেও এখন ঘটনার নগ্ন রূপ দেখে প্রধানমন্ত্রী পেতেরি অর্পো একে "ঠান্ডা জল ঢেলে দেওয়ার মতো ধাক্কা" হিসেবে অভিহিত করেছেন।

হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রধান জুসি কাঙ্গাশারজিসহ শীর্ষ বিশ্লেষকরা বলছেন, জাতীয় পর্যায়ে ডাটা সেন্টারের দৃশ্যমান কোনো সুফল নেই। সামান্য কর দিয়ে বিশাল পরিমাণ নবায়নযোগ্য শক্তি শুষে নিয়ে স্থানীয় প্রকৃতির ক্ষতি করার এই ‘আমেরিকান ঔদ্ধত্যের’ বিরুদ্ধে ইতোমধ্যে ৯৩ হাজারের বেশি ফিনিশ নাগরিক কঠোর আইনের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছেন। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে টেক জায়ান্টদের এমন অপকর্ম ঠেকাতে ডাটা সেন্টার নীতি প্রধান ইস্যু হতে যাচ্ছে।

সকালবেলা / নুসরাত