ইসরাইল মধ্যপ্রাচ্যে নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্য সংকটে ইসরাইলের অনমনীয় সামরিক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি প্রদর্শন করে দীর্ঘস্থায়ী নিরাপত্তা অর্জন সম্ভব নয়; বরং ফিলিস্তিনিদের অধিকার ও ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করায় ইসরাইল আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের নৈতিক অবস্থান হারিয়ে ফেলছে।
বার্তা সংস্থা আনাদোলু ও বেলফাস্ট টেলিগ্রাফ সূত্রে জানা যায়, মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে বিজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ওবামা। ওই অনুষ্ঠানে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক সামরিক অভিযানকে ‘বেদনাদায়ক’ হিসেবে অভিহিত করে ওবামা বলেন, সংঘাতের এই চক্রটি মূলত ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি এবং গভীর বিভাজনের ওপর ভর করে স্থায়ী রূপ নিয়েছে। ইউরোপে ইহুদি জনগোষ্ঠীর ঐতিহাসিক নিপীড়নের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ভূমি দখলের মতো চরম অবিচারের সত্য তুলে ধরেন তিনি।
ওবামা আরও বলেন, সহিসংতার বহুমাত্রিক চক্র ভাঙতে শক্তিশালী পক্ষের দায় সবচেয়ে বেশি। শুধু প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আর সামরিক শক্তির জোরে নিজের ইচ্ছামতো কাজ করা কিংবা কাউকে ছাড় না দেওয়ার অবস্থান কোনো দীর্ঘমেয়াদি নিরাপত্তা আনবে না।
বর্তমান ইসরাইলি প্রশাসনের কঠোর নীতির দিকে নির্দেশ করে যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রপ্রধান বলেন, "ইসরাইলি সরকারের এটা উপলব্ধি করা জরুরি যে, প্রায় ৭০ লক্ষ ফিলিস্তিনি কোথাও চলে যাবেন না। তাঁদের ওপর এমন কোনো বৈষম্যমূলক শর্ত চাপিয়ে দেওয়া টেকসই হতে পারে না, যা নিজের ক্ষেত্রে কেউ মেনে নিত না।"
এআইএল/সকালবেলা