দক্ষিণ সুদানে সোনার খনি ধসে অন্তত ৬০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: দক্ষিণ সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি অনানুষ্ঠানিক সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া শ্রমিকরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এল-নাহুদ শহরের কাছে অবস্থিত আল-জারা সোনার খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়ে। পরদিন বুধবার সকাল পর্যন্ত সহকর্মী শ্রমিকরা সাধারণ হাত-সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে ৬০টি মরদেহ উদ্ধার করেন।
বেঁচে যাওয়া শ্রমিকদের একজন বার্তা সংস্থা এএফপি-কে জানান, খনির সুড়ঙ্গগুলো একে অপরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় একটি ধসে পড়ার পরপরই ধারাবাহিক ধস শুরু হয়। পর্যাপ্ত ভারী সরঞ্জামের অভাবে মাটি ও পাথর সরিয়ে মাটির নিচে আটকে পড়া মানুষদের জীবিত বা মৃত উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। সংঘাতকবলিত ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির কারণে দেশটির হাজার হাজার মানুষ জীবন ঝুঁকিতে ফেলে এসব বিপজ্জনক অনানুষ্ঠানিক খনিতে সোনা উত্তোলনের কাজ করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে পশ্চিম কর্দোফান এলাকাটি আরএসএফের নিয়ন্ত্রণে থাকায় সেখানে বড় পরিসরে সরকারি উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
উল্লেখ্য, সুদান আফ্রিকার অন্যতম প্রধান সোনা উৎপাদনকারী দেশ হলেও এর সিংহভাগ প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য অনানুষ্ঠানিক খনিগুলোর ওপর নির্ভর করে চলে।