নিজেদের ঠিক করে পরে বিএনপির দোষ ধরুন: জামায়াত-শিবিরকে রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড ও সমালোচনার কড়া জবাব দিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান।
মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি জাশির (জামায়াত-শিবির) নেতাকর্মীদের আগে নিজেদের শুধরানোর পরামর্শ দেন।
রাশেদ খান তার পোস্টে দলীয় প্রধানের প্রতি নেতাকর্মীদের আবেগের পক্ষ নিয়ে বলেন, “এমপি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের রিকশার পেছনে জাশির নেতাকর্মীরা দৌড়ালে সমস্যা নেই। সমস্যা হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা চিন্তা করে তার গাড়ির পেছনে দৌড়ালে! আমরা দেখি আবেগ থেকে কেউ কেউ জামায়াতের আমিরের পাঞ্জাবিও ঠিক করে দেয়। জাশির নেতাকর্মীরা যা করবে সব স্মার্টনেস, আর বিএনপি নেতাকর্মীরা করলেই সেটাকে নোংরা হিসেবে প্রচার করা হয়।”
কিছু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ও ‘ভিউ ব্যবসায়ীদের’ সমালোচনা করে তিনি বলেন, “কিছু ভাই আছেন যারা ভিউয়ের জন্য নেতাদের ভুল জুম করে প্রচার করেন। মিছিলে হুড়োহুড়ি বা স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কি খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, এমনকি মিছিলে নারীদের শারীরিক অবয়ব জুম করে ভিউ পাওয়ার চেষ্টা করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।
পোস্টের শেষ দিকে তিনি জামায়াত নেতাদের অতীতের কিছু বিতর্কিত আচরণের প্রতি ইঙ্গিত করে বলেন, “তারা ভুলে যায় তাদের নেতার ‘চুম্মাদোষ’ আছে। আবার তারাও রিকশার পেছনে দৌড়ায়। আগে নিজেদের এসব ঠিক করা উচিত। পরে না হয় বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মীদের দোষ ধরিয়েন।”
রাশেদ খানের এই পোস্টটি রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।
|