ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জমি দখল, শিক্ষা ও কর্মসংস্থানের বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কষ্ট আমাদের নিজেদের কষ্ট। দীর্ঘদিন ধরে একশ্রেণির সুবিধাবাদী লোক তাঁদের জমি দখল করে রেখেছে এবং তারা শিক্ষাসহ নানা নাগরিক সুবিধা থেকে পিছিয়ে পড়েছে। এই বৈষম্য নিরসন করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।"
তিনি আরও জানান, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিরা সহজে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি যেন বেআইনিভাবে দখল না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বিভিন্ন সামাজিক ভাতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। বক্তব্যে তিনি ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীদের জাতীয় ক্রীড়াঙ্গনে সফলতার ভূয়সী প্রশংসা করেন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|