খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

সকালবেলা নিউজ: প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় অসুস্থ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু সাইফুলের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে রোগীর দ্রুত আরোগ্য কামনায় পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে বৈঠক করেন।

চিকিৎসা তদারকি শেষে খান সাইফুল তাঁর সুচিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর মানবিক ও আন্তরিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের গুরুতর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ডা. মনোয়ারুল কাদির বিটু তাঁর চিকিৎসার সার্বিক পরিস্থিতি তদারকিসহ ধারাবাহিকভাবে নিয়মিত খোঁজখবর রাখছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ গঠিত মেডিকেল বোর্ডের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা