মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার: দেশের তরুণ প্রজন্ম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সুদৃঢ় জনসচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন ‘আহ্বান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্যসচিব ডা. তাহমিদ আহমেদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হতে বাধ্য। মাদকের কারণে অসংখ্য সম্ভাবনাময় প্রাণ অকালে বিনষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক স্থায়িত্ব ও পারিবারিক শান্তি বিনষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি সর্বস্তরের অংশগ্রহণে সমন্বিত সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট এলাকাকে সমৃদ্ধ করতে হলে স্থানীয় জনগণকে শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কার্যকর মাধ্যম হতে পারে। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ে ‘আহ্বান’ আয়োজিত স্কুল সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও জেন-জি কার্নিভালসহ নানা মানবিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রপতি ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, মেধাবীদের সহায়তা প্রদান এবং সরকারি সেবা সহজীকরণে তরুণদের আরও জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি তরুণ প্রজন্মকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে গণতান্ত্রিক চর্চা ও পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার দিকনির্দেশনা দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা