
ফিফা বিশ্বকাপের ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পাওয়ার রেশ কাটতে না কাটতেই মাঠের পারফরম্যান্সে নিজের জাত চেনালেন নেইমার জুনিয়র। তাঁর দুর্দান্ত এক গোলের ওপর ভর করে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছে সান্তোস এফসি। এই জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচের জয় খরা কাটাল নেইমারের দল।
নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সান্তোস। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে ১০টি শট নেন নেইমাররা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (ইনজুরি টাইম) সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর পাস থেকে চমৎকার এক ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন নেইমার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সান্তোস। ম্যাচের ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় দলটির। অন্যদিকে, ব্রাগান্তিনো ৪৩ শতাংশ বল দখল এবং ৮টি শট নিলেও সান্তোসের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়।
এই গুরুত্বপূর্ণ জয়ের পর ১৫ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস এফসি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ব্রাগান্তিনো রয়েছে সাত নম্বরে। অন্যদিকে, ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পালমেইরাস।
বিশ্বকাপ স্কোয়াডে ফেরার পর নেইমারের এমন ফর্ম ব্রাজিল ভক্তদের মনে বাড়তি আশার সঞ্চার করেছে।
জান্নাত/সকালবেলা