
অনলাইন ডেস্ক:স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার ঘটনার ছয় দিন পর রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্পেনের জাতীয় সংসদে (কংগ্রেস) বক্তব্য দেওয়ার সময় মন্ত্রিসভা থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন অস্কার পুয়েন্তে। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, "স্পেনের মতো একটি উন্নত দেশে, মাত্র এক বছরের ব্যবধানে দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর একজন পরিবহনমন্ত্রী পদে বহাল থাকতে পারেন না।" অস্কার মূলত চলতি বছরের গত জানুয়ারি মাসের আরেকটি ট্রেন দুর্ঘটনার দিকে ইঙ্গিত করেন, যেখানে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন।
গত সপ্তাহে স্পেনের তোলোদো প্রদেশের উরদা নামক স্থানে মাদ্রিদ থেকে সেভিলেগামী ব্যস্ত রেলপথে এই দুর্ঘটনা ঘটে। সেখানে রাষ্ট্রীয় রেল পরিচালনা সংস্থা 'রেনফে'-র একটি দ্রুতগামী এভিই (AVE) ট্রেনের সাথে লাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি সংস্থা 'ইরিও'-র একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় দাঁড়িয়ে থাকা ট্রেনের কয়েকটি বগি পাহাড়ি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাকবলিত ইরিওর দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এক শিশুসহ ১৪৭ জন এবং রাষ্ট্রীয় রেনফের সচল ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। স্থানটি রাজধানী মাদ্রিদ থেকে সামান্য দক্ষিণে অবস্থিত। ২০১৩ সালে স্পেনের সান্তিয়াগো দে কম্পোসতেলা শহরের কাছে ৮০ জন নিহতের ঘটনার পর এটিকে ইউরোপ ও স্পেনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সকালবেলা / নুসরাত