
বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজন এবং মঙ্গলবার রাতে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওই কলেজছাত্রের মৃত্যু হয়।
নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (২২) উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অন্য দুই নিহত ব্যক্তি হলেন ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) ও ভ্যানের যাত্রী আব্দুস সামাদ বিশ্বাস (৫০)। ওহাব উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং সামাদ একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে ‘সোহাগ পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাতে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তাঁর বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মহাসড়কে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চালক আপন ও আরোহী আল-আমিন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আপনের মৃত্যু হয়।
পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা