
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, এই ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটের প্রথম মুসলিম সদস্য হলেন ৪২ বছর বয়সী আল-সাইয়েদ।
পেশায় মহামারিবিদ ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারে তাঁকে তীব্র ইসলামবিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা তাঁর ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্য আক্রমণ চালান। তবে সব বাধা পেরিয়ে তিনি চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেন।
বিজয়ের পর আনন্দিত সমর্থকদের উদ্দেশে আল-সাইয়েদ বলেন, “আমি আমেরিকাকে ভালোবাসি।” এ সময় প্রতিদ্বন্দ্বী রজার্সকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনারা ঘৃণাকে বেছে নিয়েছেন, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।”
এই নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইসরাইল সরকারের কঠোর সমালোচক আল-সাইয়েদকে প্রতিহত করতে একটি প্রো-ইসরাইলপন্থি সংগঠন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিন কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিল। এমনকি প্রাইমারিতে পরাজিত প্রার্থী কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সও শেষ মুহূর্তে আল-সাইয়েদের দিক থেকে সমর্থন প্রত্যাহার করে রজার্সের পক্ষে অবস্থান নেন।
এআইএল/সকালবেলা