
বিশেষ প্রতিবেদক: বিদেশে চলে যাওয়া বাংলাদেশি মেধাবীদের ফিরিয়ে আনার পাশাপাশি প্রবাসে রেখেই দেশের অর্থনীতি, গবেষণা ও শিল্প খাতে তাঁদের অবদান রাখার সুযোগ তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে মেধাপাচারকে (ব্রেইন ড্রেইন) মেধার আবর্তনে (ব্রেইন সার্কুলেশন) রূপান্তরের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর একটি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআই যৌথভাবে এ সামিটের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষক সফলতার সঙ্গে কাজ করছেন। এটি প্রমাণ করে মেধার অভাব নেই, অভাব শুধু সুযোগের। যারা বিদেশে থাকবেন, তাঁরাও যেন দেশের মূল্য সংযোজনে অবদান রাখতে পারেন এবং প্রবাসী ব্যবসায়ীরা যেন দেশে বিনিয়োগ করতে পারেন, সেই ক্ষেত্র তৈরি করা হবে।
তিনি দেশীয় সমস্যা সমাধানে বিদেশ নির্ভরতা কমিয়ে শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও নতুন প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহারের মাধ্যমে যানজট নিরসন, কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা তুলে ধরে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনায় শিক্ষার্থীদের সুনাগরিক করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্টার্টআপ অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। ছোট-বড় উদ্যোক্তাদের নীতিগত সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
এআইএল/সকালবেলা