
অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দিল্লি থেকে দেশে ফেরত আনা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি আন্তর্জাতিক বাণিজ্যিক হাবে পরিণত হবে। এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশ যথেষ্ট আগ্রহী, তবে তার আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক কৌশলগত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় ও গতিশীল হবে।
এআইএল/সকালবেলা