
বিশেষ প্রতিনিধি (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ায় গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ ও পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত গোবিন্দ বিশ্বাস ওই গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে চড়া সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন গোবিন্দ। কিন্তু আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেড় বছর পর শূন্য হাতে দেশে ফিরে আসতে বাধ্য হন। পরবর্তীতে দেশে একটি সেলুনে কাজ শুরু করলেও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৬ লক্ষাধিক টাকার ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা জোগাড় করতে পারছিলেন না।
কিস্তি পরিশোধের তীব্র মানসিক চাপে পরিবারের সদস্যদের সঙ্গে কলহ সৃষ্টি হলে গত ৩ নভেম্বর সন্ধ্যায় পরিবারের অজান্তে বিষপান করেন তিনি। তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা