
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থানীয় প্রশাসনকে সহায়তায় নিয়োজিত গ্রাম পুলিশের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করেছে সরকার।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আয়োজিত ‘গ্রাম পুলিশের মহাসমাবেশে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যুগান্তকারী ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহাসমাবেশে প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, শুধু পদবি বা আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, গ্রাম পুলিশের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সরকার সরাসরি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথে আজ থেকেই বর্ধিত বেতন-ভাতা কার্যকর হবে।
নতুন কাঠামোর তথ্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন আগের ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা উন্নীত করা হয়েছে।
বেতন বৃদ্ধির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে যোগাযোগের সুবিধার্থে প্রতিটি গ্রাম পুলিশকে সরকার প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল প্রদান করবে। এর পাশাপাশি তাদের অবসরকালীন ভাতা এবং দায়িত্ব পালনে যাতায়াত ভাতাও সমানুপাতিক হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সরকারের এই সময়োপযোগী ঘোষণায় মহাসমাবেশে উপস্থিত সারাদেশ থেকে আসা হাজার হাজার গ্রাম পুলিশ সদস্য ও তাদের পরিবারের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।