
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার কোটি টাকারও বেশি মূল্যের ভারী যানবাহন ও বিভিন্ন নির্মাণ সরঞ্জাম দীর্ঘদিন ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ছাড়াই খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। রোদ-বৃষ্টিতে ভিজে এসব মূল্যবান যন্ত্রপাতিতে মরিচা ধরেছে এবং অনেক যন্ত্রাংশ এরই মধ্যে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে শ্রীপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে রোড রোলার, ট্রাক, প্যাগোডা ও এক্সকাভেটরসহ বিভিন্ন ধরনের নির্মাণ ও পরিবহন সরঞ্জাম সম্পূর্ণ খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এগুলোর বিভিন্ন অংশ ক্ষয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের তীব্র অভিযোগ, সাধারণ মানুষের করের টাকায় কেনা এসব মূল্যবান সম্পদ এভাবে যত্রতত্র ফেলে রাখায় একদিকে যেমন সরকারি অর্থের চরম অপচয় ঘটছে, অন্যদিকে সচল বা সামান্য মেরামতের মাধ্যমে ব্যবহারযোগ্য যন্ত্রপাতিগুলোও ধীরে ধীরে স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে। দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে কোটি টাকার এসব সম্পদ পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পৌরসভার সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পড়ে থাকা কিছু মূল্যবান সরঞ্জাম অসাধু কিছু কর্মচারীর যোগসাজশে ইচ্ছাকৃতভাবে অচল করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট কোনো তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় পৌরসভার এই বিশাল সম্পদ এখন ধ্বংসের মুখে।
এদিকে, এসব যানবাহন ও যন্ত্রপাতির বর্তমান প্রকৃত অবস্থা নিয়েও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কোনটি পুরোপুরি সচল, কোনগুলো সামান্য মেরামত করলে পুনরায় ব্যবহার করা সম্ভব এবং কোনগুলো একেবারেই অকেজো—তার একটি হালনাগাদ তালিকা ও স্পষ্ট হিসাব জনসম্মুখে প্রকাশ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন নাগরিকদের জোরালো দাবি, যেসব যন্ত্রপাতি সামান্য মেরামতে সচল করা সম্ভব, সেগুলোর দ্রুত সংস্কার করে পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহার করা উচিত। আর যে সমস্ত সরঞ্জাম সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করে নিলাম বা যথাযথ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রশাসক মো. নাহিদ ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "সরকারি নষ্ট ও অব্যবহৃত মালামাল ক্রয়-বিক্রয় কিংবা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু বিধি-বিধান অনুসরণ করতে হয়। তাই প্রচলিত নিয়ম মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে নষ্ট বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পৌরসভার মালামাল নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি পৌরসভার সব সম্পদ ও মালামালের হিসাব যথাযথভাবেই সংরক্ষিত রয়েছে।"
স্থানীয় সচেতন মহলের মতে, কেবল আশ্বাসের বাণী নয়, বরং মাঠপর্যায়ে এর বাস্তব ও দৃশ্যমান বাস্তবায়ন প্রয়োজন। পড়ে থাকা প্রতিটি যানবাহন ও যন্ত্রপাতির তালিকা তৈরি, বর্তমান অবস্থা যাচাই, মেরামতযোগ্যগুলো সচল করা এবং অকেজো সম্পদ বিধি অনুযায়ী নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে পৌরসভার মূল্যবান সম্পদ যাতে এভাবে অবহেলায় নষ্ট না হয়, সে জন্য নিরাপদ সংরক্ষণ ও নিয়মিত তদারকি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।