
আবু রায়হান, রংপুর প্রতিনিধি: যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হাসান।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য লায়ন মো. শাহীন পারভেজ এমজেএফ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি মো. আরমান হোসেন, স্কুল শাখার কো-অর্ডিনেটর মো. আখতারুজ্জামান দুলু এবং প্রাইমারি শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করেন মো. জাহিদ সরকার।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সুদূরপ্রসারী তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রতিষ্ঠানের অন্যান্য লায়ন সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।