
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভাগীয় সভাপতি, অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বিএনপিপন্থী শিক্ষকদের দেখতে চান বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অন্যতম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
এ লক্ষ্যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং প্রশাসনিক পদে বসার যোগ্য শিক্ষকদের একটি হালনাগাদ তালিকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের কাছে চেয়েছেন তিনি।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) ক্যাম্পাসে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা স্পষ্ট করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে ডা. কে এম বাবর বলেন, "দেশ ও বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে স্থানীয়ভাবে কাজ করতে হবে। আপনারা আমাদের পাশে শক্ত হয়ে দাঁড়ালে এ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারব।"
এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্ট প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর আরও বলেন, "৭ নভেম্বর শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মবিশ্লেষণ ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রধান পথনির্দেশক। সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রনায়কে পরিণত হন এবং বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করান। বর্তমানে তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করে সেই পথে দেশকে এগিয়ে নিচ্ছেন।"
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "আমরা শহীদ জিয়াউর রহমানের মহান আদর্শে অনুপ্রাণিত। তবে দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে ব্যক্তি বা দলের ঊর্ধ্বে বাংলাদেশকে স্থান দিতে হবে। ‘বাংলাদেশ সবার আগে’—এই চেতনা ধারণ করে সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ড. মাহবুব হাসান, সাধারণ সম্পাদক ড. এস এম আহসান, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়ের, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ।
আলোচনা সভা শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।