
সাঈদ পান্থ (বরিশাল প্রতিনিধি): টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে এবং সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
মৃতের স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনা বাদ দিয়ে টিকটক করায় শনিবার (৭ নভেম্বর) বিকেলে জান্নাতুলকে বকাঝকা করেন তার মা। এতে মায়ের ওপর অভিমান করে সবার অগোচরে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে।
পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা