
বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে কুমিল্লার বর্ষীয়ান তিন বিশিষ্ট আলেমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লার জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে ইসলাম ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য তিন বর্ষীয়ান আলেমকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে তাঁর ছেলে মাওলানা হামিদ উল্লাহ মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন। এ ছাড়া কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ।
পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাটের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা