
অনলাইন ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটের দীর্ঘ টেস্ট ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায় যোগ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে নিজের ইনিংসে নবম রান করার সুবাদে এই ঐতিহাসিক রেকর্ড গড়েন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার।
সিলেট টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে ঐতিহাসিক এই মাইলফলক ছুঁতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান। ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৩৪ রানে আউট হওয়ায় কাঙ্ক্ষিত অর্জনের জন্য অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হয়। তবে দ্বিতীয় ইনিংসে স্নায়ুচাপকে পাশ কাটিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাট চালিয়ে প্রয়োজনীয় ৯ রান সংগ্রহ করে মহিমান্বিত এই রেকর্ডে নাম লেখান তিনি।
প্রায় ২১ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ১০৭টি ম্যাচ এবং ১৯৭টি ইনিংসে ব্যাটিং করে ৭ হাজার রানের কোটা স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের দীর্ঘ টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন তিনি। তাঁর টেস্ট ক্যারিয়ারের গড় রান ৩৯.১০, যার মধ্যে রয়েছে ১৪টি দারুণ সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরি।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকের ধারেকাছে আর কোনো ব্যাটার নেই। টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৯৩ রান রয়েছে মুমিনুল হকের (১৫২ ইনিংসে)। এছাড়া ৫ হাজার রানের ক্লাবে থাকা একমাত্র অন্য ব্যাটার হলেন সাবেক সফল ওপেনার তামিম ইকবাল, যিনি ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান সংগ্রহ করেছিলেন। সেঞ্চুরির দিক থেকেও সবার শীর্ষে রয়েছেন মুশফিক; তাঁর ১৪টি টেস্ট সেঞ্চুরির বিপরীতে ১৩টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুমিনুল হক এবং ১০টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিকের এই রেকর্ড দীর্ঘদিন অমলিন থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সকালবেলা / নুসরাত