
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
আহত যাত্রী আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। চালক অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি গাড়ির গতি কমাননি। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের ‘আনন্দ পরিবহন’ নামের বাসটি উল্টে যাওয়ার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত ১৫ জনের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এআইএল/সকালবেলা