
সকালবেলা ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ সরকার পাসপোর্ট দেয় না; বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দিল্লিতে বাংলাদেশের মিশনের মাধ্যমে ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ সহায়তায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, "কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।"
ব্রিটিশ আইন প্রতিষ্ঠিানটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আগে তাদের মক্কেলের পরিচয় ও অতীত রেকর্ড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। শেখ হাসিনার শাসনামলে দেড় হাজারের বেশি মানুষ নিহত হওয়াসহ বহু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেছে। বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির প্রতিনিধিত্বের ক্ষেত্রে আইনজীবী প্রতিষ্ঠানগুলোর পেশাগত নৈতিকতা বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে হবে। এরপর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করতে হবে। সাধারণ পাসপোর্ট আবেদনের মাধ্যমে তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই। তাঁকে ফিরিয়ে আনতে সরকার যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করবে।
এ ছাড়াও যুক্তরাজ্যে আওয়ামী লীগের লবিং কার্যক্রম প্রসঙ্গে তিনি দাবি করেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সদস্যের মধ্যে মাত্র ৫-৬ জনকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হয়েছিল। পরবর্তীতে লবিস্ট প্রতিষ্ঠানের তথ্যে অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্টরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
এআইএল/সকালবেলা