
অনলাইন ডেস্ক : তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পরিবেশগত নানা ইস্যু এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং বিশ্বজুড়ে বহুল আলোচিত ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে নারীদের ভূমিকা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।
বৈঠকটি শেষ হওয়ার পর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে জানান যে, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাঁদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, কপ-৩১ সম্মেলনের ফাঁকে এই শীর্ষস্থানীয় বৈঠক বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং জলবায়ু কূটনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকালবেলা/ নুসরাত