
ফিচার ডেস্ক: আজ ১১ নভেম্বর উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক ‘সিঙ্গেলস ডে’ বা অবিবাহিত দিবস। প্রতি বছর এই নির্দিষ্ট দিনে বিশ্বজুড়ে অবিবাহিত ব্যক্তিরা তাদের সিঙ্গেল স্ট্যাটাসকে আনন্দের সঙ্গে উদযাপন করেন এবং নিজেদের প্রতি ভালোবাসা ও যত্ন প্রকাশের মাধ্যমে দিনটি বিশেষভাবে কাটিয়ে থাকেন। অবিবাহিত বা একা থাকা মানুষদের নিজেদের উদযাপনের দিন হিসেবে যাত্রা শুরু করলেও, সময়ের বিবর্তনে দিনটি এখন বিশ্বের সর্ববৃহৎ অনলাইন শপিং উৎসবে পরিণত হয়েছে।
সিঙ্গেলস ডে উদযাপনের সূচনা হয়েছিল ১৯৯০-এর দশকের শুরুতে। চীনের নানজিং বিশ্বাবদ্যালয়ের একদল শিক্ষার্থীর হাত ধরে এই ব্যতিক্রমী দিবসের যাত্রা শুরু হয়। সেখানে অবিবাহিত শিক্ষার্থীরা নিজেদের একাকিত্বকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে উদযাপন করতে এবং নিজেদের জন্য পছন্দসই উপহার কেনাকাটার মাধ্যমে আত্মতুষ্টি লাভের জন্য এই দিনটি পালন করা শুরু করেন।
দিনটির তারিখ নির্বাচনের মধ্যেও রয়েছে বিশেষ এক গাণিতিক ও প্রতীকী তাৎপর্য। ১১ নভেম্বরকে সংখ্যায় লিখলে হয় ‘১১/১১’ (এগারো বাই এগারো)। অর্থাৎ, তারিখটিতে পর পর চারটি ইংরেজি ‘১’ (এক) সংখ্যা রয়েছে। এই চারটি একক সংখ্যা মূলত অবিবাহিত বা একা থাকা সিঙ্গেল ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে এই সাংস্কৃতিক উদযাপনটি বড় ধরণের বাণিজ্যিক রূপ লাভ করতে শুরু করে। ২০০৯ সালে চীনের বিখ্যাত ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান ‘আলিবাবা’ সিঙ্গেলস ডে-কে কেন্দ্র করে বড় পরিসরে বার্ষিক অনলাইন শপিং উৎসবের সূচনা করে। প্রতিষ্ঠানটির বিপুল বাণিজ্যিক সাফল্যের পর থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই দিনটিকে ঘিরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় কেনাকাটার ব্যাপক ধুম ও আকর্ষণীয় মূল্যছাড়ের নানামুখী আয়োজন।
বর্তমানে সিঙ্গেলস ডে বৈশ্বিক পরিমণ্ডলে অন্যতম প্রধান ও বৃহৎ ই-কমার্স আয়োজনে পরিণত হয়েছে। বার্ষিক বিক্রি ও গ্রাহক উপস্থিতির বিচারে এটি অনেক ক্ষেত্রে বিখ্যাত ‘ব্ল্যাক ফ্রাইডে’ কিংবা ‘সাইবার মানডে’র মতো মেগা সেল আয়োজনকেও ছাড়িয়ে যায়। এই দিনে কেউ নিজের জন্য পছন্দের উপহার কিনে আত্মপ্রেম প্রকাশ করেন, কেউ সমমনা বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান, আবার কেউ বা কেবল নিজের মতো করে একা থাকার স্বাধীনতা ও স্বস্তি উদযাপন করেন।