
অনলাইন ডেস্ক: দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ব্যক্তিগত সক্ষমতা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় দেশের ২২টি উপজেলার মোট ৬৬০ জন পেশাজীবীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রশিক্ষণ সফলভাবে আয়োজনের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর পাঠানো এক চিঠিতে এই অর্থ বরাদ্দের কথা জানানো হয়।
চিঠির নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিটির অনুকূলে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে ৩০ জন করে মোট ৬৬০ জন প্রান্তিক পেশাজীবী এই ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন।
প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতের জন্য মোট ১৬ কোটি ৬1 লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকেই এই ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অনুকূলে ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা ছাড় করা হলো।
বরাদ্দপ্রাপ্ত ২২টি উপজেলার তালিকায় রয়েছে— নীলফামারী জেলা: জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রাম জেলা: পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার জেলা: সদর ও রামু, রাঙামাটি জেলা: বাঘাইছড়ি ও লংগদু, নরসিংদী জেলা: রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ জেলা: সদর ও কালীগঞ্জ, নাটোর জেলা: বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড় জেলা: আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁও জেলা: রাণীশংকৈল ও সদর, সুনামগঞ্জ জেলা: দক্ষিণ সুনামগঞ্জ, সিলেট জেলা: গোয়াইনঘাট ও কানাইঘাট
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ব্যক্তিগত দক্ষতা, পারস্পরিক যোগাযোগ (কমিউনিকেশন), দলগত কাজ (টিম ওয়ার্ক), সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বৃদ্ধির পথ সুগম হবে। এর ফলে তাদের পেশাগত মান উন্নত হওয়ার পাশাপাশি সামগ্রিক জীবনমান উন্নয়নে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।