
অনলাইন ডেস্ক: এশিয়ার বাজারে শুক্রবার দিনের শুরুতে তেলের বাড়তি দাম আগের দিনের অবস্থান ধরে রাখলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা সামান্য কমেছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা থেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় ২টা ৪২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ ডলার ৪১ সেন্ট হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ৫২ সেন্ট হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজার ছিল বেশ উত্তপ্ত এবং একদিনেই তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার ৬ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৮২ সেন্ট এবং ডব্লিউটিআইয়ের দাম ২ ডলার ২১ সেন্ট বেড়ে ৮৮ ডলার ৭৪ সেন্টে দাঁড়িয়েছিল। তবে সাপ্তাহিক ব্যবধানে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই ২ দশমিক ৪ থেকে ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঘটনা ও পক্ষের দাবি ভূমিকা রেখেছিল। ইরানের সামরিক বাহিনী দাবি করে যে, হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি রয়টার্স। এর পাশাপাশি যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।
এদিকে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, লোহিত সাগরের ইয়ানবু বন্দরের তেল স্থাপনা এবং রিয়াদে সৌদি আরামকোর একটি ভবনে হামলা চালানোর দাবি করে। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। উল্লেখ্য, সৌদি আরবের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত এই পাইপলাইনটি দেশটির তেল রপ্তানির প্রধান ও নিরাপদ বিকল্প পথ।
শুক্রবার তেলের দাম কিছুটা কমার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। রয়টার্সের মতে, ট্রাম্পের এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে ইরানের তেল ও বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে, যার ফলে নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা কিছুটা কমেছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার তথ্যও দাম হ্রাসে প্রভাব ফেলেছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ৪৭ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৪৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ধারণা করেছিলেন যে এই সময়ে তেলের মজুত ১১ লাখ ব্যারেল কমবে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান মাইট্রেডের বৈশ্বিক উপদেষ্টা ক্রিস ব্রাঙ্কিন রয়টার্সকে বলেন, “আমার মনে হয়, বর্তমানে তেলের বাজারে দামের হিসাব একেবারে নিখুঁত অবস্থায় রয়েছে।” ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট থাকলেও সার্বিক পরিস্থিতি বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে সহায়তা করছে।