
অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর চালানো একাধিক সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৭৪ জন 'ভারত-সমর্থিত সন্ত্রাসী' নিহত হয়েছে। গত কয়েক দিনের টানা অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার মীর আলী ও ওরাকজাই এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়। বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং ‘ফিতনা আল-হিন্দুস্তান’ জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় সফলভাবে আঘাত হানা হয় এবং দফায় দফায় তীব্র গোলাগুলির পর ৩১ জন সন্ত্রাসী নিহত হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মীর আলী ও ওরাকজাই এলাকায় ৪৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করতে চলমান অভিযান মীর আলী ও ওরাকজাই এলাকায় সম্প্রসারিত করা হয়েছে। সেখানে তীব্র গোলাগুলির পর মীর আলীতে ৩৫ জন এবং ওরাকজাইয়ে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। এর ফলে ওই অঞ্চলগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ঘরে তৈরি বিস্ফোরক ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ (আইইডি) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। বিবৃতিতে জানানো হয়, এলাকাগুলো থেকে লুকিয়ে থাকা বাকি সন্ত্রাসীদের নির্মূল করতে এখনো অভিযান চলছে এবং দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ রূপকল্পের আওতায় এই অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে এই দুটি প্রদেশে—যার মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন (৬১ শতাংশের বেশি) এবং বেলুচিস্তানে ২৬৫ জন (৩৪ শতাংশ) নিহত হয়েছেন।