
অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের ক্রমবর্ধমান বিস্তার ও মজুত কমানোর বিষয়টি নিয়ে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ছাড়া বৈঠকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়টিও আলোচনায় তুলবেন মার্কিন প্রেসিডেন্ট। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, ট্রাম্পের এই বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তবে চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন নেতার মধ্যে কোনো আলোচনা হওয়ার কথা নয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন, কিয়েভ ও মস্কোর মধ্যে আলাদাভাবে কূটনৈতিক আলোচনা চলছে। সেই প্রক্রিয়ায় চীন সরাসরি যুক্ত নয় বলে ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি তোলার কোনো প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র।
এদিকে, তিন পরাশক্তির এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলনের’ প্রসঙ্গও সামনে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শেনজেনের এই বৈঠক একবিংশ শতাব্দীর নতুন ইয়াল্টায় পরিণত হতে পারে, যেখানে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়াই বড় শক্তিগুলো নিজেদের প্রভাববলয় ভাগাভাগি করে নেবে।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শেনজেনের এই বৈঠক থেকে তাৎক্ষণিক বড় কোনো চুক্তি বা অগ্রগতি আসার সম্ভাবনা বেশ সীমিত। কারণ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিন দেশের কৌশলগত স্বার্থ ও অবস্থানের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, চীনের কাছে ৬০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে; অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের মজুত পাঁচ হাজারের বেশি। ফলে নিজেদের অস্ত্রভান্ডার সীমিত করার কোনো চুক্তিতে চীন এখনই আগ্রহী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। রাশিয়া চুক্তিটি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও ট্রাম্প তা নাকচ করে চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ও আধুনিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কথা বলেছেন। শেনজেনের বৈঠককে সেই আলোচনার প্রাথমিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার ওয়াশিংটন ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি চীনের শেনজেনে যাবেন। সেখানে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি; তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠকের সূচি নেই।
ট্রাম্পের এই চীন সফরে তাঁর সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে সি ও পুতিনের সঙ্গে তিন নেতার শীর্ষ বৈঠকে তিনি অংশ নেবেন না বলে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন।
সকালবেলা/ নুসরাত