
জীবনযাপন ডেস্ক: শিশুর হাতে মোবাইল বা ট্যাব তুলে দেওয়া এখন অনেক পরিবারের দৈনন্দিন অভ্যাসের একটি অংশে পরিণত হয়েছে। খাওয়ানোর সময়, ঘুমের আগে কিংবা নিজের ব্যস্ততার মুহূর্তে শিশুকে শান্ত রাখতে পর্দার সাহায্য নেন অভিভাবকরা। কিন্তু অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের এই অভ্যাস কমাতে গেলেই অনেক সময় শুরু হয় কান্না, জেদ কিংবা নানা রকম মনোমালিন্য। তবে কঠোর বকাঝকা বা শাস্তি না দিয়েও খুব সহজে ও ধীরে ধীরে শিশুর স্ক্রিন টাইম কমানো সম্ভব।
অভিভাবকত্বের কোমল পদ্ধতি বা ‘জেন্টল প্যারেন্টিং’-এ শিশুর চাহিদা বোঝার পাশাপাশি নিয়মিত কিছু সীমারেখা তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুর কাছ থেকে হঠাৎ ডিভাইস কেড়ে না নিয়ে বিকল্প আনন্দের ব্যবস্থা করাই এ পদ্ধতির মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে কাজে লাগতে পারে পরীক্ষিত পাঁচটি কার্যকরী কৌশল:
১. ঘুমের আগে রাখুন মজার আয়োজন: সন্ধ্যা বা ঘুমের আগের সময়টুকু স্ক্রিনমুক্ত রাখতে শিশুর জন্য আনন্দদায়ক কিছু সৃজনশীল কাজের ব্যবস্থা করতে পারেন। যেমন—রং করা, ব্লক দিয়ে ঘর বানানো, পাজল মেলানো, গল্পের বই পড়া, পুতুল নিয়ে খেলা কিংবা সহজ কোনো হাতের কাজ। শিশুকে দুই-তিনটি কাজের মধ্য থেকে পছন্দ করার সুযোগ দিলে সে নিজেও সিদ্ধান্তের অংশ হতে পারবে। এতে ধীরে ধীরে সন্ধ্যার সময়টা মোবাইল বা টেলিভিশনের বদলে সৃজনশীল কাজ ও পরিবারের সঙ্গে কাটানোর সুন্দর অভ্যাস গড়ে উঠবে।
২. রাতের খাবারের সময় সরিয়ে রাখুন ডিভাইস: পরিবারের সবার জন্য রাতের খাবারের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। খাওয়ার টেবিলে মোবাইল, ট্যাব কিংবা টেলিভিশন না রাখার কড়া নিয়ম করতে পারেন। এ সময় শিশুর সঙ্গে গল্প করুন, সারা দিনের অভিজ্ঞতা জানতে চান কিংবা টেবিল সাজানোর মতো ছোটখাটো কাজে তাকে যুক্ত করুন। অভিভাবকেরাও খাবারের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকলে শিশুরা সহজেই এই ভালো অভ্যাসটি নিজ থেকে অনুসরণ করতে শেখে।
৩. ঘুমের আগে তৈরি করুন নির্দিষ্ট রুটিন: শিশুরা নিয়মিত রুটিনে অভ্যস্ত হতে পারলে দৈনন্দিন কাজগুলো বেশ সহজ হয়ে যায়। রাতের খাবার, কিছুক্ষণ খেলাধুলা, গোসল, দাঁত ব্রাশ, গল্পের বই পড়া এবং ঘুম—এভাবে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা তৈরি করতে পারেন। ঘুমের আগে টেলিভিশন, মোবাইল বা ট্যাব ব্যবহারের সুযোগ না রাখাই বুদ্ধিমানের কাজ। শিশু ডিভাইস চাইলে রাগ না করে শান্তভাবে বুঝিয়ে বলুন, আজকের মতো স্ক্রিন টাইম শেষ। এরপর তাকে পরবর্তী স্বাভাবিক কাজে যুক্ত করুন।
৪. বাইরে খেলাধুলার সুযোগ করে দিন: শিশুর অবসর সময় কাটানোর সবচেয়ে ভালো বিকল্প হতে পারে বাইরের খেলাধুলা। সুযোগ থাকলে তাকে কাছের পার্ক বা খেলার মাঠে নিয়ে যান। সেখানে সে দৌড়ানো, সাইকেল চালানো, বল খেলা কিংবা অন্য শিশুদের সঙ্গে মেলামেশার দারুণ সুযোগ পাবে। প্রতিদিন বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরের মধ্যেও লুকোচুরি, নাচ কিংবা সহজ কিছু শারীরিক খেলাধুলার আয়োজন করা যেতে পারে। এতে স্ক্রিনের বাইরে আনন্দ খুঁজে নেওয়ার মানসিকতা তৈরি হবে।
৫. পরিবারের সবার জন্য করুন একই নিয়ম: শুধু শিশুর জন্যই স্ক্রিন ব্যবহারের নিয়ম করলে তা কখনো কার্যকর নাও হতে পারে। কারণ, শিশুরা বড়দের দেখেই সবচেয়ে বেশি শেখে। তাই খাবারের সময় ফোন ব্যবহার না করা, পারিবারিক সময় ডিভাইস দূরে রাখা এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে স্ক্রিন বন্ধ করার মতো নিয়ম পরিবারের সবার জন্যই চালু করুন। স্ক্রিন টাইম শেষ হওয়ার ১০ মিনিট আগে শিশুকে তা জানিয়ে দিন। হঠাৎ ডিভাইস কেড়ে নেওয়ার বদলে সময় শেষ হওয়ার বিষয়টি শান্তভাবে বুঝিয়ে বলুন। ভালো আচরণের পুরস্কার বা শাস্তির মাধ্যম হিসেবেও স্ক্রিন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
বিশেষজ্ঞদের মতে, শিশুর স্ক্রিন টাইম কমানোর ক্ষেত্রে একদিনেই রাতারাতি বড় পরিবর্তন আশা না করে ধীরে ধীরে সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। অভিভাবকের ধৈর্য, পরিবারের সম্মিলিত সহযোগিতা এবং বিকল্প আনন্দদায়ক আয়োজনই কেবল শিশুকে পর্দার বাইরে বাস্তব পৃথিবীতে সময় কাটাতে উৎসাহিত করতে পারে।