
অনলাইন ডেস্ক: মোবাইল কোর্টের কার্যকারিতা অধিকতর বাড়ানোর লক্ষ্যে প্রণীত সুপারিশমালা বাস্তবায়ন সংক্রান্ত দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬)। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখা থেকে গত ১১ নভেম্বর এই সংক্রান্ত একটি সভার আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভার নোটিশ অনুযায়ী, এবারের সভার মূল এজেন্ডা বা আলোচ্যসূচির মধ্যে রয়েছে—প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বিবিধ আলোচনা।
এই উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিকট অনুলিপি পাঠানো হয়েছে।