
অনলাইন ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের পাহারায় প্রণালিটির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় ট্যাংকার দুটি এই বিস্ফোরণের শিকার হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার প্রেক্ষাপটে আইআরজিসির নৌবাহিনী একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে আরোপিত নিয়মকানুন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আইআরজিসির হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও চলাচলসংক্রান্ত ইরানের নির্দেশনাগুলো যারা অমান্য করবে, সেই সমস্ত জাহাজ বা ট্যাংকারকে এর গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। কৌশলগত এই জলপথের সুরক্ষায় তেহরান কোনো ধরনের ছাড় দেবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
এদিকে দুটি ট্যাংকারে মাইন বিস্ফোরণের এই ঘটনা এবং এর ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীন কোনো সূত্র বা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই জলপথে একাধিক জাহাজ বিস্ফোরণ ও হামলার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এর আগে গত ১২ নভেম্বর চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটার দাবি করেছিল ইরান। এমনকি তার পরদিনও একটি গ্যাসবাহী জাহাজকে ঘিরে তীব্র নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। সর্বশেষ গত ১৪ নভেম্বর আরও তিনটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে তাতে আগুন ধরে যাওয়ার দাবি করেছিল ইরানের নৌবাহিনী। একের পর এক এমন ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান এই রুটে চরম উত্তেজনা বিরাজ করছে।