
বিশেষ প্রতিনিধি: ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) আটক করেছে পুলিশ। আটককৃত আজহারুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ছোট ভাই।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তাঁর বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমন করেছিলেন। সোমবার দুপুরে দেশে ফেরার প্রাক্কালে ভোমরা চেকপোস্ট এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে।
তবে ঠিক কী কারণে বা কোন সুনির্দিষ্ট মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।
এআইএল/সকালবেলা