প্রশাসনের নাকের ডগায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলে নিয়েছে সিএনজি ও অটোরিকশা

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
প্রশাসনের নাকের ডগায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলে নিয়েছে সিএনজি ও অটোরিকশা

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং প্রশাসনের কড়া নজরদারির দাবি সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে থামছে না সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার দাপট। হাইওয়ে পুলিশের চেকপোস্টের খুব কাছ দিয়েই বীরদর্পে চলাচল করছে এসব নিষিদ্ধ ছোট যান, যা প্রতিনিয়ত সৃষ্টি করছে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়কের কাঁচপুর, ভুলতা, নরসিংদী এবং বিসিক শিল্প এলাকা সংলগ্ন পয়েন্টগুলোতে সরেজমিনে দেখা গেছে, শত শত অটোরিকশা মূল লেনে উঠে দ্রুতগতির বাস ও ট্রাকের সাথে পাল্লা দিচ্ছে। অনেক ক্ষেত্রে হাইওয়ে পুলিশের টহল গাড়ির সামনে দিয়েই এসব যান যাত্রী তুলছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো বাধা দেখা যাচ্ছে না।

ধীরগতির এই যানগুলো মহাসড়কের মাঝখানে চলে আসায় পেছন থেকে আসা দ্রুতগামী যানবাহনগুলোকে হঠাৎ ব্রেক চাপতে হচ্ছে, যার ফলে ঘটছে ভয়াবহ চেইন রিঅ্যাকশন দুর্ঘটনা। একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে পুরো লেনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে কৃত্রিম যানজট। এমনকি অনেক অটোরিকশা ঝুঁকি নিয়ে উল্টো পথে চলাচল করছে, যা দূরপাল্লার চালকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোরিকশা চালকদের দাবি, মহাসড়কের পাশে বিকল্প কোনো ‘সার্ভিস রোড’ না থাকায় তারা পেটের দায়ে মূল সড়কে উঠতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য স্থানীয় যাত্রীরাও বিকল্প না পেয়ে এসব ঝুঁকিপূর্ণ যানেই চড়ছেন।

সাধারণ মানুষের অভিযোগ, যথাযথ তদারকি ও কঠোর শাস্তির অভাবেই আইনের তোয়াক্কা করছে না অটোরিকশা চালকরা। সংশ্লিষ্টদের মতে, অনতিবিলম্বে সার্ভিস রোড নিশ্চিত করা এবং হাইওয়েতে নিষিদ্ধ যানের প্রবেশ সম্পূর্ণ বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে ঢাকা-সিলেট মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না।

মন্তব্য করুন