কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় পৃথক কয়েকটি অভিযান চালিয়ে অন্তত ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছেন ৪৭ বিজিবির সদস্যরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
পৃথক আরেক অভিযানে রবিবার ভোরে একই উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া প্রাগপুর ফুটবল মাঠ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি বাইসাইকেল উদ্ধার করেন বিজিবি জোয়ানরা। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৭ বিজিবি।
এআইএল/সকালবেলা