সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ
মোস্তাফিজুর রহমান (কয়রা, খুলনা): সুন্দরবনে হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টায় খুলনার কয়রা থানাধীন সুন্দরবন সংলগ্ন গোলখালীর সিংয়ের বাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। অভিযানকালে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংস, ১টি হরিণের চামড়া, ১টি মাথা এবং ৪টি পা উদ্ধার ও জব্দ করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার সম্পূর্ণ রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।
এআইএল/সকালবেলা