দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল ও গাঁজা উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এই সফল অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপি’র (বর্ডার আউটপোস্ট) একটি বিশেষ চৌকস টহল দল এই অভিযান চালায়। দলটি সীমান্ত মেইন পিলার ৮১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে কৌশলগত অবস্থান নেয়। পরে সেখানে সন্দেহভাজন এলাকায় মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় বিজিবি কাউকে হাতেনাতে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে পিস্তলের মূল্য ১ লাখ টাকা, গুলির মূল্য ২০০ টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধী রয়েছে। এ ছাড়া জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “সীমান্তবর্তী এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা
|