সকালবেলায় সংবাদ প্রকাশ: পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মে তদন্ত শুরু
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিকে আহ্বায়ক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনকে সদস্য করা হয়েছে।
কমিটিকে সরেজমিন তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেডিয়ামটির নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ বহাল রাখা হয়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে শুরু থেকেই অনিয়ম চলছে। নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি বালু, প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ও সিডিউলবহির্ভূত চিকন রড ব্যবহার করা হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারপক্ষের লোকজন স্থানীয়দের ওপর চড়াও হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ জানান।
ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, "সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের সিডিউল ও নির্মাণ মান যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এআইএল/সকালবেলা
|