ধুলিয়াখাল-যাত্রাবড়বাড়ী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
ধুলিয়াখাল-যাত্রাবড়বাড়ী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ

মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-দিঘলবাগ-যাত্রাবড়বাড়ী সড়কের চরম বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।

সড়কটি প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, সড়কের অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে গেছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে অনেকে আহত হচ্ছেন।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ও রোগীরা। ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে গর্ভবতী মায়েরা হাসপাতালে যাওয়ার সময় অতিরিক্ত ঝাঁকুনির কারণে মা ও গর্ভের শিশুর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বড় বড় ট্রাক ও মাটি কাটার ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি অতিক্রম করতে গিয়ে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি দ্রুত টেকসইভাবে পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউসের হস্তক্ষেপ দাবি করেছেন।

যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ ইরাজ উদ্দিন দেওয়ান জানান, "সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন