যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক হাসান খান
অনলাইন ডেস্ক:পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নেতৃত্ব দেওয়া ২৭ বছর বয়সী অলরাউন্ডার হাসান খান এবার স্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে। চোটের কারণে তারকা পেসার আলী খান ছিটকে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও নামিবিয়াকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে এই অলরাউন্ডারের। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার যে স্বপ্ন তিনি লালন করছিলেন, তার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান খান। সেই দলে তাঁর সতীর্থ হিসেবে খেলেছিলেন পরবর্তীতে পাকিস্তানের জাতীয় দলে স্থান পাওয়া তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানের মতো ক্রিকেটাররা। তবে সতীর্থরা পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেও হাসানের কপালে সে সুযোগ জোটেনি।
পাকিস্তানে সুযোগের পরিধি ছোট হয়ে এলে তিনি ক্যারিয়ারের নতুন মোড় হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে গিয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে (MLC) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে ‘ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন তিনি।
আমেরিকায় ধারাবাহিক পারফর্ম করার পর বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান হাসান। বিগ ব্যাশ লিগ (BBL), আইএলটি-টোয়েন্টি (ILT20) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) খেলার সুবাদে তাঁর অভিজ্ঞতার ঝুলিবৃদ্ধি হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগেও (PSL) হায়দরাবাদ কিংসমেনের হয়ে মাঠ মাতান তিনি।
আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোতে অর্জিত সেই অভিজ্ঞতাই অবশেষে তাঁকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। কাকতালীয়ভাবে, যাঁর চোটে হাসানের ভাগ্য খুলেছে—সেই পেসার আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে যুক্তরাষ্ট্রের জার্সিতে হাসান খানের আন্তর্জাতিক ক্রিকেটের এই যাত্রা তাঁর ক্যারিয়ারে নতুন এক উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।