তরুণদের উদ্যোক্তা করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ: গভর্নর
জাতীয় ডেস্ক:দেশের তরুণ জনগোষ্ঠীকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে উচ্চ সুদের চাপ কমিয়ে স্বল্প সুদে অর্থায়ন, বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
শুক্রবার বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি খাতের উন্নয়ন ও ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে স্থানীয় অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় ব্যবসায় পরিচালনা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে গভর্নর বলেন, "স্বল্প সুদে অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা টেকসই করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য ব্যাংকগুলো থেকে ১০ শতাংশ সুদে উদ্বৃত্ত তহবিল নিয়ে ৪ শতাংশ সুদে তহবিল সরবরাহ করা হচ্ছে, যেখানে সুদের ৬ শতাংশ ভর্তুকি বহন করছে সরকার।"
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিশেষ উদ্যোগ নিয়ে গভর্নর আরও জানান, প্রাথমিকভাবে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৮টি জেলায় ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাকি ৫৬টি জেলায় আবেদন নেওয়া হবে। এই পাইলট প্রজেক্টের সাফল্য দেখে পরবর্তীতে কর্মসূচির পরিধি আরও বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকিং ও ফিন্যান্স বিভাগের পরিচালক সালাউদ্দিন তফাদার, কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান, বগুড়া অফিসের পরিচালক (প্রশাসন) সরদার আল ইমরান এবং পরিচালক (পরিদর্শন) সেলিম আহমেদ বক্তব্য দেন। সভায় ব্যাংকার, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সমন্বিত নীতিমালার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প বিকাশের ওপর জোর দেন।