এআইর মারাত্মক ভুলে পণ্ড মার্কিন অভিযান, অল্পের জন্য বাঁচল যুক্তরাষ্ট্র-চীন সংঘাত

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
এআইর মারাত্মক ভুলে পণ্ড মার্কিন অভিযান, অল্পের জন্য বাঁচল যুক্তরাষ্ট্র-চীন সংঘাত

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মারাত্মক এক ভুলের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সশস্ত্র যুদ্ধ শুরু হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপকরণ বহনের ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি চীনা জাহাজে সামরিক অভিযান ও তল্লাশি চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে চারটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সশস্ত্র মার্কিন সেনারা জাহাজটিতে উঠার জন্য প্রস্তুত ছিলেন এবং সামরিক বিমানও আকাশে টহল দিচ্ছিল। তবে ঠিক অভিযান শুরুর আগমুহূর্তে উন্মোচিত হয় যে, গোয়েন্দা প্রতিবেদনটি সামরিক কোনো বিশ্বস্ত সূত্র থেকে নয়, বরং তৈরি হয়েছিল একটি এআই চ্যাটবটের মাধ্যমে—যা জাহাজের পণ্যতালিকা শনাক্তকরণে মারাত্মক ভুল করেছিল।

স্পেশাল অপারেশনস কমান্ডের এক সামরিক বিশ্লেষক উন্মুক্ত উৎসের তথ্যের সঙ্গে গোপন সংকেতভিত্তিক তথ্যের সমন্বয় ঘটাতে ওই এআই চ্যাটবট ব্যবহার করেছিলেন। এআই ব্যবস্থাটি ভুলভাল বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছায় যে, জাহাজটিতে পারমাণবিক অস্ত্রের স্পর্শকাতর উপাদান রয়েছে। পরে বিশ্লেষক সেই ডেটা দিয়ে প্রচলিত কাঠামোর একটি গোয়েন্দা প্রতিবেদন বানিয়ে তা উচ্চপর্যায়ে ছড়িয়ে দেন।

বিশেষজ্ঞদের মতে, কোনো চীনা জাহাজে জোরপূর্বক মার্কিন বাহিনীর এই ধরনের সামরিক অভিযান চালানো হলে তা দুই পরাশক্তির মধ্যে সরাসরি সশস্ত্র সংঘাত ডেকে আনত। সামরিক ও সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে অতিরিক্ত এআই নির্ভরতা এবং স্বয়ংক্রিয় তথ্যের অপরীক্ষিত ব্যবহার যে কতটা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা তার একটি বড় বাস্তব উদাহরণ।

মন্তব্য করুন