পাকিস্তানে পুলিশ কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
পাকিস্তানে পুলিশ কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১

অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ কমপ্লেক্সে চালানো ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গত শুক্রবার এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে পুলিশের ওই স্থাপনার ভেতরে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা কমপ্লেক্সের ভেতরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন।

হামলার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে একাধিক মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হামলাটি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন