জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য: এমপি বিলকিস ইসলাম

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য: এমপি বিলকিস ইসলাম

মোঃ মাইনুল হক, নীলফামারী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বিলকিস ইসলাম বলেন, "তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আসন্ন ইউপি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।" দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাহাগিলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এম. ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম.এ. পারভেজ লিটন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম ডালিমসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন