মাসকারা দেওয়ার সময় মুখ কেন হা হয়ে যায়

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
মাসকারা দেওয়ার সময় মুখ কেন হা হয়ে যায়

 জীবনযাপন ডেস্ক: আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পাপড়িতে মাসকারা ব্যবহার করতে গিয়ে হঠাৎ খেয়াল করলেন মুখটা অদ্ভুতভাবে হা হয়ে আছে? বিষয়টি দেখতে কিছুটা মজার মনে হলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হরহামেশাই হতে হয় মেকআপপ্রেমীদের। তবে এই বিষয়টিকে কোনো অস্বাভাবিকতা বা স্বাস্থ্যগত সমস্যা ভাবার বিন্দুমাত্র কারণ নেই।

মেকআপ বিশেষজ্ঞদের মতে, মাসকারা ব্যবহারের সময় প্রধান উদ্দেশ্য থাকে চোখকে যতটা সম্ভব বড়, খোলা ও স্থির রাখা। চোখের পাতায় যাতে অসাবধানতাবশত ব্রাশের আঁচড় না লাগে, সে জন্য মানুষ অবচেতনভাবেই বেশ মনোযোগী হয়ে পড়ে।

স্নায়ুবিজ্ঞান ও বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের চোখের পাতা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো কাছাকাছি অবস্থান করে। মাসকারা লাগানোর সময় যখন চোখ বড় করে স্থির রাখার চেষ্টা করা হয়, তখন স্নায়বিক সংকেতে একধরনের 'ক্রস-ফায়ারিং' বা সমন্বয়হীনতা ঘটে। ফলে চোখের পাশাপাশি মুখের পেশিও সক্রিয় হয়ে পড়ে এবং মুখ অজান্তেই খুলে যায়।

তবে এই অভ্যাসটি যে সবার ক্ষেত্রেই ঘটবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে কোনো রূপ মুখ না খুলেই বেশ দক্ষতার সঙ্গে মাসকারা ব্যবহার করতে পারেন। মেকআপে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে হাতের নিয়ন্ত্রণ উন্নত হয়, ফলে এই অনিচ্ছাকৃত অভ্যাসটিও একসময় কমে আসতে পারে।

মন্তব্য করুন