ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ছবি)।

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

রুহুল কবির রিজভী জানান, “প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের একটি সভা। আগামী ২৯ অক্টোবর নির্ধারিত উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আজকের বৈঠকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।”

বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গঠিত সরকারের পর বিএনপির তৎকালীন মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে সংবিধান অনুযায়ী এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন আয়োজনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন