নবম ব্যালন ডি’অরের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন মেসি
ক্রীড়া ডেস্ক:রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ সালের সম্মানজনক এই পুরস্কারের জন্য ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের শীর্ষ ভোট পেয়েছেন তিনি।
ইকুয়েডরের প্রবীণ সাংবাদিক ও ব্যালন ডি’অর জুরি সদস্য পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটিং ব্যালটে তিনি প্রথম স্থানে লিওনেল মেসিকে বেছে নিয়ে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট প্রদান করেছেন।
ফ্রান্স ফুটবলের আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের মনোনীত সাংবাদিকরাই এই মর্যাদাপূর্ণ পুরস্কারের ভোট প্রদান করার সুযোগ পেয়ে থাকেন। ইকুয়েডর বর্তমানে ফিফা র্যাংকিংয়ের ২৫তম স্থানে অবস্থান করায় তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক পাত্রিসিও কর্নেহো।
৩৯ বছর বয়সে পদার্পণ করলেও মাঠে মেসির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মৌসুমে ৪৯ ম্যাচে ৪৫টি গোল করার পাশাপাশি ৩০টি অ্যাসিস্ট করে বর্ষসেরা পারফরমারদের কাতারে শীর্ষে উঠে এসেছেন তিনি। ক্লাবের এই পরিসংখ্যানের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে তার অবিচল প্রভাব ও নেতৃত্ব মেসিকে ব্যালন ডি’অরের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে ধরে রেখেছে।